
১০ আগস্ট ২০২৬
গভ: রেজি নং ঢ-০১০০৬৯ (ক্র্যাব-০০৩৭৮/০৭/২২/২৬)
আবু হেনা রাসেলের মৃত্যুতে
শোকাহত ক্র্যাব
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তাঁর সহকর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবু হেনা রাসেল সব শেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কন্ঠসহ বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।
বার্তা প্রেরক
ইসমাঈল হুসাইন ইমু
দফতর সম্পাদক, ক্র্যাব

২২ জানুয়ারি ২০২৫

০৫ জানুয়ারি ২০২৫

১৫ ডিসেম্বর ২০২৪

০৬ ডিসেম্বর ২০২৪